

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বার্তা সংস্থা রয়টার্সের করা অর্থনীতিবিদদের একটি জরিপ বলছে, ফ্রান্স স্পেনকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলবে এবং পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল সবচেয়ে বড় ফ্লপ (ব্যর্থ দল) হবে। তবে ওই অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির পূর্বাভাস দেওয়ার চেয়ে ফুটবলের ফলাফল মেলানো এখনও অনেক বেশি কঠিন।
বিশ্বের প্রায় প্রতিটি মহাদেশের ১৬০ জন অর্থনীতিবিদকে নিয়ে ১১ মে থেকে ৫ জুন পর্যন্ত এই জরিপটি চালানো হয়। জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ অর্থনীতিবিদ ফ্রান্সের পক্ষে ভোট দিয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেনের পক্ষে ভোট পড়েছে ৩১ শতাংশ।
অর্থনীতিবিদদের এই হিসাব সত্যি হলে তিন নম্বর বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ফ্রান্স। এর আগে ২০১৮ ও ১৯৯৮ সালে ট্রফি জিতেছিল ফরাসিরা। সবশেষ ২০২২ সালের বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল তারা।
ফ্রান্স ও স্পেনের পর শিরোপার দৌড়ে সেরা পাঁচে বাকি তিনটি দল হলো— বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পেছনে যুক্তি তুলে ধরেছেন লন্ডন ভিত্তিক আরবিসি-এর সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি। তিনি বলেন, ‘২০২২ সালের ফাইনালের হতাশা ভুলে এবার ফ্রান্স আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে। দলটির অধিকাংশ খেলোয়াড় এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং পিএসজির কয়েকজন তরুণ তারকা দলটিকে আরও ভারসাম্যপূর্ণ করেছেন। সবচেয়ে বড় কথা, তারা এবার একজন সতেজ কিলিয়ান এমবাপেকে দলে পাচ্ছে।‘
রিয়াল মাদ্রিদে দুর্দান্ত মৌসুম শেষ করা ফরাসি তারকা কিলিয়ান এমবাপে এই জরিপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) এবং সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। এই লড়াইয়ে তাঁর ঠিক পেছনেই আছেন বায়ার্ন মিউনিখের হয়ে ক্যারিয়ার সেরা ৬১ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা ইংলিশ অধিনায়ক হ্যারি কেন।
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে এবারের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ফ্রান্স। গ্রুপ ‘আই’- তে তাদের বাকি দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।
