শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির বিয়ের প্রস্তাব নাকচের পর মামলা করলেন অভিনেত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:২৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সংসদ সদস্য সাকিব চাধারের বিরুদ্ধে ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইন (পেকা) অনুযায়ী মামলা করেছে দেশটির জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ)।

অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবালকে সাইবার হয়রানি, ব্ল্যাকমেইল ও হুমকি দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।

মোমিনা ইকবাল সম্প্রতি এনসিসিআইএ-তে অভিযোগ দায়ের করলে তার ভিত্তিতেই মামলাটি নথিভুক্ত করা হয়। অভিযোগে বলা হয়েছে, সাকিব চাধার তার স্ত্রী ও কয়েকজন সহযোগীর সঙ্গে মিলে মোমিনাকে দীর্ঘদিন ধরে সাইবার হয়রানি ও ব্ল্যাকমেইল করে আসছিলেন। পাশাপাশি তাকে এবং তার পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে।

এফআইআরে উল্লেখ করা হয়, চাধার বিবাহিত জেনে মোমিনা তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরই ওই সংসদ সদস্য তাকে ব্যক্তিগত ভিডিও পাঠিয়ে বিয়েতে রাজি না হলে ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেন।

তদন্ত নথিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালে চাধার মোমিনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন, যার ফলে তার একটি বিয়ের প্রস্তাব ভেঙে যায়। এ সময় মোমিনা, তার বর্তমান স্বামী ও পরিবারের সদস্যদের উদ্দেশ্যে হুমকিমূলক বার্তা পাঠানো হয়। এমনকি তার বোনকেও একই ধরনের বার্তা দেওয়া হয়েছিল।

তদন্তকারীরা জানান, চাধারের একটি ফোন নম্বর থেকে পাঠানো হুমকি বার্তা শনাক্ত করা হয়েছে এবং তার পাঠানো ব্ল্যাকমেইল ভিডিও মোমিনার মোবাইল ফোন থেকে উদ্ধার করা হয়েছে। মোমিনার আইনজীবী বোন একটি ভিডিও প্রমাণ হিসেবে এনসিসিআইএ-কে দিয়েছেন, যা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তদন্তে আরও উঠে এসেছে, ডিভাইসটি জমা দেওয়ার আগে অভিযুক্ত এমপি তার মোবাইল ফোন থেকে ডেটা ও অ্যাপ্লিকেশন মুছে ফেলেছিলেন।

এর আগে, মোমিনা চাধারের বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে মামলা দায়েরের জন্য লাহোরের চুং থানায় আবেদন করেছিলেন। তার আবেদনে তিনি অভিযোগ করেন যে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই আইনপ্রণেতা বারবার তার এবং তার বাগদত্তার (বর্তমান স্বামী) সঙ্গে যোগাযোগ করে হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন।

অভিনেত্রী মোমিনা ইকবাল আরও অভিযোগ করেন, চাধার তাকে হুমকি দিয়ে হোয়াটসঅ্যাপে ফোন ও মেসেজ পাঠান এবং তার বোনের ফোনেও একই ধরনের হুমকি দেওয়া হয়।

এর আগে, অভিনেত্রী তার আইনজীবীদের সঙ্গে বিষয়টি জানাতে চুং থানার এসএইচও ফাহিম ইমদাদের সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টি এমন সময় প্রকাশ্যে আসে, যখন অভিনেত্রী মোমিনা ইকবাল বিবাহবন্ধনে আবদ্ধ হন। জানা গেছে, চলতি সপ্তাহের শুরতে বিয়ের পিড়িতে বসেন এই পাকিস্তানি অভিনেত্রী।

সূত্র: জিও নিউজ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন