রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণ লুট

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৪:১০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রাম কক্সবাজার সড়কের পাশে বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে সাংবাদিক কায়সার হামিদের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জুন) ভোর ৪ টার দিকে আজিজনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড রোড পাড়ায় সাংবাদিক কায়সার হামিদের নিজ বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। সাংবাদিক কায়সার হামিদ বর্তমানর দৈনিক সমকালের লোহাগাড়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিক কায়সার হামিদের বাবা জানায়, ভোর ৪ টার দিকে প্রায় ৮/১০ জনের একটি ডাকাত দল বাড়িতে হানা দেয়। তখন ৩ জন ডাকাত ছাদ বেয়ে উপরে উঠে বাড়িতে প্রবেশ করে। পরে আমাকে এবং আমার স্ত্রীকে অস্ত্রের মুখে আলমারি ভেঙ্গে নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা, লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও একটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায়। তখন বাকী ডাকাতেরা ঘরের বাহিরের অবস্থান করে পার্শ্ববর্তী ঘরগুলোর গতিবিধি লক্ষ্য করছিল যাতে অন্যকোন মানুষ বের হতে না পারে।

সাংবাদিক কায়সার হামিদ জানায়, কর্মের সুবাদে তখন আমি সস্ত্রীক লোহাগাড়ার বাসায় অবস্থান করছিলাম। বাড়িতে বৃদ্ধ বাবা মা ছিলেন। তাদের কাছে গরু বিক্রি করা ক্যাশ টাকা ও স্বর্ণালংকার ছিল।

তিনি আজিজনগর ফাঁড়ি পুলিশের অসহযোগিতার কথা উল্লেখ করে বলেন, মাত্র হাফ কিলোমিটারের মধ্যে আজিজনগর পুলিশ ফাঁড়ির অবস্থান। ভোর ৪টা দিকে ডাকাতির সময় ফাঁড়ির ইনচার্জ আমিনুর রহিমকে ১০/১৫ বার কল করেও কোন সাড়া পাইনি। পরে ৯৯৯ এ কল দেওয়ার ১৫/২০ মিনিট পর তিনি কল ব্যাক করেন। তখনও ওনাকে সঙ্গীয় ফোর্স নিয়ে বাড়িতে যেতে বলা হয় কিন্তু তারা আসে সকাল ৭ টার দিকে। বলতে গেলে তাদের কোন সহযোগিতাই পাইনি।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম কক্সবাজার সড়কের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড (রোড পাড়া) ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের এই ১ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় বিগত ১০ দিনে ৫টি ডাকাতি সংগঠিত হয়েছে। কিন্তু লামা বা চকরিয়ার থানার কোন ভূমিকা বা কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিষয় শুনার সাথে সাথে তাদেরকে ঐ বাড়িতে পাঠানো হয়। অসযোগিতার বিষয়ে প্রশ্ন করা হলে ওসি বলেন, ফাঁড়ির ইনচার্জকে ইতোমধ্যে বিষয়টা নিয়ে বকাঝকা করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, উত্তর হারবাং এ কয়েকদিন আগে ডাকাতির ঘটনা শুনেছি। একটার মামলাও নেওয়া হয়েছে । বিষয়টা নিয়ে আমাদের আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন