

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে তুরস্ক। গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এ অনুরোধ জানিয়েছে দেশটি।
শুক্রবার (২১ আগস্ট) তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এ তথ্য জানিয়েছেন।
তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোস্যাল-এ দেয়া এক বিবৃতিতে গুরলেক জানান, আন্তর্জাতিক জলসীমায় ওই ঘটনার জেরে নেতানিয়াহু এবং আফেক মস্কোভিচসহ ৩৫ জন আসামির বিরুদ্ধে ইস্তাম্বুলের ১১তম উচ্চ ফৌজদারি আদালতে বিচারিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি জানান, ২০২৬ সালের ১৪ জুলাই গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর প্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ওই দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়ার পদক্ষেপ নিতে অনুরোধ করেছে বিচার মন্ত্রণালয়। গুরলেক আরও জানান, প্রাসঙ্গিক নথিপত্র ইতোমধ্যে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় মানবিক ত্রাণ সরবরাহকারী বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হামলা এবং কর্মীদের আটক করার’ অভিযোগের ঘটনায় নেতানিয়াহু ও মস্কোভিচের বিচার চলছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, নির্যাতন, সম্পত্তির ক্ষতিসাধন, সশস্ত্র ডাকাতি এবং পরিবহন মাধ্যম ছিনতাই।
গুরলেক বলেন, ‘গাজায় সংঘটিত অপরাধগুলোকে আমরা ধামাচাপা দিতে দেব না, কিংবা দায়ীদের দায়মুক্তির ঢাল দিয়ে সুরক্ষিত থাকতে দেব না। জাতীয় ও আন্তর্জাতিক আইনের অধীনে থাকা সব বিকল্প আমরা দৃঢ়তার সঙ্গে প্রয়োগ করব।’


