

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। শুক্রবার (২১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব এ এ এম সালেহ বলেন, ‘সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’ তিনি জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ঢাকা। পাশাপাশি ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়েও ভারতের জবাবের অপেক্ষা করছে বাংলাদেশ।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তারেক রহমানের ভারত সফরের কথা রয়েছে।
রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয়াদিল্লিতে এটিই তারেক রহমানের প্রথম সফর হওয়ার কথা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি দায়িত্ব নেওয়ার পর কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে এ সফর নিয়ে আলোচনা চলছে। ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই সফরটি নিয়ে আলোচনা চলছে।
শেখ হাসিনা ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে চলে যান এবং এরপর থেকে সেখানে অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে দিতে ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে ঢাকা। ভারত জানিয়েছে, তারা বাংলাদেশের অনুরোধটি পর্যালোচনা করছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, শেখ হাসিনা সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়। তার ওই বক্তব্যের নিন্দা জানিয়েছিল বাংলাদেশ সরকার।
সূত্র: রয়টার্স


