শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৭:২৮ পিএম
ডলি জহুর। ছবি: সংগৃহীত
expand
ডলি জহুর। ছবি: সংগৃহীত

ছেলের হত্যার বিচার চেয়ে এবার খল অভিনেতা ডিপজল, ডলি জহুর ও শিবা শানুকে নিয়ে মুখ খুলেছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। তার দাবি, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে অনেকেই জানেন।

তাই মামলার তদন্তে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমনকি প্রয়োজন হলে ডলি জহুরসহ কয়েকজনকে আসামিও করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

সালমান শাহ হত্যার ঘটনায় অভিনেত্রী ডলি জহুরকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেন নীলা চৌধুরী। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, যেদিন ইমনকে (সালমান শাহ) হত্যা করা হয়, সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত।

ওই দিন কী কী হয়েছিল, সেই সম্পর্কে বিভিন্ন সময় ডলি জহুর গণমাধ্যমে কথা বলেছেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। সামিরার সঙ্গে তার কতটা যোগাযোগ ছিল, সেটাও বের করা দরকার।

ডলি জহুর, বাদল খন্দকারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে নীলা বলেন, তাদের কাছ থেকেও সালমান শাহর মৃত্যুর ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।

শুধু জিজ্ঞাসাবাদ নয়, তদন্তে প্রয়োজন হলে ডলি জহুরসহ কয়েকজনকে আসামি করার কথাও জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, ডলি জহুর, বাদল খন্দকার এরা অনেক কিছু জানে। তাদের সত্যটা প্রকাশ করা দরকার। প্রয়োজন মনে করলে এদের মধ্যেও কাউকে আমি আসামিও করতে পারি। ডলি জহুর আসামি হতে পারে। এদের অনেকেই সালমান শাহকে বিরক্ত করেছে।

এদিকে সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলাকে ঘিরে সম্প্রতি নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে সম্প্রতি গ্রেপ্তারের পর তদন্তের পরিধি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী।

গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে আটক করা হয়। তাকে গ্রেপ্তারে খল অভিনেতা ডিপজল সহায়তা করেছেন বলে জানা যায়।

ডিপজলের সঙ্গে সরাসরি কথা না হলেও তাকে মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন নীলা চৌধুরী। তার মতে, ডনকে অপরাধী মনে না করলে তো সে ধরিয়ে দিত না। সালমান শাহ হত্যার সময় চলচ্চিত্র অঙ্গনে ডিপজলসহ অনেকেই সক্রিয় ছিলেন, তাই সেই সময়কার বিভিন্ন ঘটনা সম্পর্কে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। যা মামলার জন্য সহায়তা হতে পারে। একই সঙ্গে ডনকে ধরিয়ে দিতে সহায়তা করায় ডিপজলকে ধন্যবাদও জানান সালমানের মা।

এছাড়াও চলতি বছরের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ডনের ভোট দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেন নীলা চৌধুরী। চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি ও খল অভিনেতা শিবা শানুর দিকেও অভিযোগের আঙুল তোলেন তিনি। তার ভাষ্যমতে, একজন হত্যা মামলার আসামি কীভাবে এফডিসিতে এসে ভোট দেয়? তাকে অনেকেই সহায়তা করছে। এদের ধরতে হবে।

উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করা হয়। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank