শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিবৃতি এক ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) এই ঘটনা ঘটে।

ভারতের রাষ্ট্রপতি ভবন দুপুর ২টার দিকে ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়েছিল, বাংলাদেশ প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের মহড়া থাকায় আগামী শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক সংবর্ধনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে আগামী শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।’

তবে ওই বিবৃতি প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সেটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। বেলা ৩টার দিকে পাঠানো নতুন এক বিবৃতিতে বলা হয়, ‘২১ আগস্ট ২০২৬ তারিখে ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ বিষয়ে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।’

ভারতের রাষ্ট্রপতি ভবনের এমন সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তারেক রহমানের দিল্লি সফরের বিষয়টি এখনো ভারত বা বাংলাদেশ কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এ কারণেই রাষ্ট্রপতি ভবন বিবৃতিটি প্রত্যাহার করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর হওয়ার কথা ছিল।

ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া সরকারপ্রধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিদের সাধারণত রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ আয়োজনে ফোরকোর্টে তিন বাহিনীর সমন্বয়ে গঠিত গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে অতিথির আনুষ্ঠানিক পরিচয়পর্ব থাকে। পরে সফররত নেতার সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজন করা হয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank