

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল হতে যাচ্ছে আজ শুক্রবার সন্ধ্যার পর। সম্ভাব্য এ রদবদলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। এর বাইরেও মন্ত্রিসভায় কিছু পরিবর্তন আসছে বলে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই মন্ত্রিসভার নতুন চারজন সদস্যের শপথ হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা মঈন খান পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, মঈন খান ও আন্দালিভ রহমান ছাড়াও মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন। সাচিং প্রু জেরী ও মোহাম্মদ শামীম কায়সার বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদেরও সদস্য। সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের আর শামীম কায়সার লিংকন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হচ্ছেন। বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন। এই মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।
নতুন রাষ্ট্রপতি নিজের শপথের পর নতুন মন্ত্রীদের শপথবাক্য পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। তাঁদের সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


