মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:০২ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সিরিয়ার পূর্বাঞ্চলের দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে বেসামরিক যাত্রীরা ছিলেন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। গুরুতর আহতদের দ্রুত হোমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানা।

প্রতিবেদনে আরও বলা হয়, যে মহাসড়কটিতে দুর্ঘটনা ঘটেছে, সেটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার ভাষ্য, দেশটিতে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন