

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘চোখের বদলে চোখ’ নীতির ভিত্তিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানপন্থি গোষ্ঠী হুতি।
সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সশস্ত্র গোষ্ঠী হুতির বরাতে প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর চালানো ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ’ আরোপের প্রতিবাদে এই অবরোধ আরোপ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালী হুতিদের অবরোধে সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে এশিয়ায় সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং বিশ্বব্যাপী তেল সরবরাহ ৭ শতাংশ কমে যেতে পারে।
সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে, হুতিদের নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে গত সপ্তাহে হুতিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটে।
প্রসঙ্গত, ২০২২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর থেকে সৌদি আরবের বিরুদ্ধে এটিই হুতিদের প্রথম পদক্ষেপের ঘটনা।