মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ জানাজার নামাজ পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ জানাজায় ইমামতি করেন শিয়া বিশ্বের অন্যতম জ্যেষ্ঠ ও প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব, ১০১ বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নূরি হামেদানি।

খামেনির শেষ ইচ্ছা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জানাজা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় গ্র্যান্ড আয়াতুল্লাহ নূরি হামেদানিকে। শিয়া ধর্মীয় অঙ্গনে তার দীর্ঘদিনের অবদান এবং উচ্চ মর্যাদার কারণে এ দায়িত্বে তাকে বেছে নেওয়া হয়।

১৯২৫ সালের মার্চে ইরানের হামাদান প্রদেশে জন্মগ্রহণ করেন নূরি হামেদানি। শতবর্ষ পেরিয়েও তিনি শিয়া ধর্মতত্ত্ব ও ইসলামি গবেষণায় অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে পবিত্র নগরী কোমে শিয়া সম্প্রদায়ের অন্যতম নীতিনির্ধারক ও ধর্মীয় অভিভাবকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

শিক্ষাজীবনে তিনি ইসলামি দর্শনের প্রখ্যাত পণ্ডিত আল্লামা তাবাতাবাই এবং গ্র্যান্ড আয়াতুল্লাহ বোরুজেরদীর সরাসরি শিষ্য ছিলেন। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে তাদের সান্নিধ্যে শিক্ষা গ্রহণের পর তিনি একজন বিশিষ্ট ইসলামি গবেষক ও ধর্মীয় নেতা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান সরকারের বিশেষ দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ইরানি সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম তদারকির দায়িত্বও পালন করেন নূরি হামেদানি। তিনি বরাবরই ইসলামি প্রজাতন্ত্রের আদর্শ এবং খামেনির নেতৃত্বের দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

ইরানের ধর্মীয় ও রাজনৈতিক কাঠামোয় ঐতিহ্যবাহী শিয়া মূল্যবোধ রক্ষায় তার অবস্থান সবসময়ই ছিল কঠোর। শিয়া অনুসারীদের কাছে তিনি একজন ‘মারজা’ বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃত্ব হিসেবে অত্যন্ত সম্মানিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন