বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৭:৪০ এএম
যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টার ।। ছবি: সংগৃহীত
expand
যুক্তরাষ্ট্রের অ্যাপাচি হেলিকপ্টার ।। ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার (০৯ জুন) ররাতে এ হামলা পরিচালনা করা হয় জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এসব হামলাকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ এবং ‘ইরানের অযৌক্তিক আগ্রাসনের জবাবে প্রতিক্রিয়া’ বলে বর্ণনা করেছে।

হামলার কয়েক ঘণ্টা পর ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক ও বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। পরে কেশম দ্বীপ থেকেও বিস্ফোরণের তথ্য সামনে আসে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দাবি করেন, হরমুজ প্রণালির কাছে টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরান গুলি করে ভূপাতিত করেছে। এ ঘটনার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযানের লক্ষ্য ছিল হরমুজ প্রণালি সংলগ্ন এলাকায় থাকা ইরানের কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা। যদিও ওয়াশিংটনের এক কর্মকর্তা জানিয়েছেন, এ হামলাকে তারা বৃহত্তর সংঘাতের সূচনা হিসেবে দেখছেন না। তার ভাষ্য, এটি মূলত একটি সতর্কতামূলক বার্তা।

অন্যদিকে ইরানও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকির যথাযথ জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বিদেশি শক্তিগুলোকে অঞ্চল ত্যাগের আহ্বান জানান।

হামলার আগে মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে অত্যন্ত কঠোর। এরপরই সামরিক পদক্ষেপের খবর সামনে আসে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন