রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:২৫ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

শক্তিশালী টাইফুন নউল উপকূলের দিকে ধেয়ে আসায় চীনের দক্ষিণাঞ্চল থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকি এড়াতে রেল চলাচল আংশিক স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৬ জুলাই) সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে।

পরিস্থিতির কারণে আবহাওয়া কেন্দ্র চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর ‘কমলা সতর্কতা’ বহাল রেখেছে। সংস্থাটি জানিয়েছে, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের কিছু এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত গুয়াংডং প্রদেশ থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সাগরে থাকা মাছ ধরার নৌযানগুলোও বন্দরে ফিরে এসেছে।

সিসিটিভি আরও জানিয়েছে, শনিবার সকালে গুয়াংডংয়ে কয়েকটি ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আর রোববার প্রদেশটির সব ট্রেন পরিষেবা স্থগিত থাকবে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়াংডং প্রদেশের চাওঝৌ শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম ও অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি মাসেই চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুয়াংশি অঞ্চলে টাইফুন মায়সাকের প্রভাবে সৃষ্ট বন্যায় ৩৯ জন নিহত হন। একই সময়ে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে বজ্রঝড় ও প্রবল বাতাসে আরও ১১ জন নিহত এবং ৩৩১ জন আহত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন