রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বুড়ো হাড়ের ভেল্কি’, ব্যালন ডি’অরের দৌড়ে মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি : সংগৃহীত
expand
ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শেষ হতেই ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যালন ডি’অর। এবার এককভাবে কোনো ফুটবলারকে এগিয়ে রাখা কঠিন হলেও সম্ভাব্য সেরাদের তালিকা প্রকাশ করেছে স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন। তাদের সর্বশেষ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন হ্যারি কেইন, লামিন ইয়ামাল, রদ্রি, কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি।

১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ/ইংল্যান্ড)

ডিএজেডএনের তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্লাব ও জাতীয় দলের হয়ে মৌসুমজুড়ে ৭০ গোল করেছেন তিনি। বায়ার্ন মিউনিখকে বুন্দেসলিগা জেতানোর পাশাপাশি বিশ্বকাপে ছয় গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে ব্যালন ডি’অরের সবচেয়ে শক্তিশালী দাবিদার বানিয়েছে।

২. লামিন ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)

মাত্র অল্প বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। স্পেনের বিশ্বকাপজয়ী অভিযানে তিনি ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একই মৌসুমে বার্সেলোনার লা লিগা জয়ের পথেও বড় অবদান রাখেন এই তরুণ উইঙ্গার।

৩. রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন)

স্পেনের বিশ্বকাপ জয়ে মাঝমাঠে নেতৃত্ব দিয়েছেন রদ্রি। পুরো আসরে তাঁর নিয়ন্ত্রিত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’। সেই অর্জন তাঁকে ব্যালন ডি’অরের আলোচনায়ও শক্ত অবস্থানে রেখেছে।

৪. কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)

বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার কীর্তিও গড়েছেন তিনি। তবে মৌসুমজুড়ে উল্লেখযোগ্য কোনো বড় শিরোপা জিততে না পারায় ব্যালন ডি’অরের দৌড়ে কিছুটা পিছিয়ে রয়েছেন ফরাসি তারকা।

৫. লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা)

৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে নিজের প্রভাব ধরে রেখেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আট গোল ও চার অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। তবে শিরোপা হাতছাড়া হওয়া এবং ইউরোপের বাইরে ক্লাব ফুটবল খেলায় তার রেকর্ড নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আগের তুলনায় কঠিন বলে মনে করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন