রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউডের কিংবদন্তি নির্মাতা চাক রাসেল আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হলিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক চাক রাসেল মারা গেছেন। ‘দ্য মাস্ক’, ‘এ নাইটমেয়ার অন এলম স্ট্রিট ৩: ড্রিম ওয়ারিয়র্স’ এবং ‘দ্য ব্লব’-এর মতো দর্শকপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শনিবার (২৫ জুলাই) দ্য হলিউড রিপোর্টার-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চাক রাসেল। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করতে স্থানীয় দমকল বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চাক রাসেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী আনিয়া জেইন। স্বামীকে স্মরণ করে তিনি বলেন, “তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। আমার কাছে তিনি ছিলেন আমার পুরো পৃথিবী।”

এদিকে চাক রাসেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘দ্য মাস্ক’ চলচ্চিত্রের প্রধান অভিনেতা জিম ক্যারি। পিপল ম্যাগাজিনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, চাক রাসেলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য সৌভাগ্যের বিষয় ছিল। তিনি আরও বলেন, রাসেলের সৃজনশীলতা ও কর্মনিষ্ঠা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

জিম ক্যারি বলেন, দ্য মাস্ক’-এর শুটিংয়ে তিনি এমন এক আনন্দময় ও শিশুসুলভ পরিবেশ তৈরি করেছিলেন, যা আজও আমাদের মনে গেঁথে আছে। ‘দ্য মাস্ক’ আমার সৃজনশীল জীবনের অন্যতম অমূল্য সম্পদ। ধন্যবাদ, চাক।

তিনি আরও বলেন, চাক রাসেলের প্রাণবন্ত ব্যক্তিত্ব ও সৃজনশীলতা পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনুপ্রাণিত করেছিল।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য মাস্ক’ সিনেমায় জিম ক্যারির বিপরীতে অভিনয় করেন ক্যামেরন দিয়াজ। এ চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টস নির্মাণ করে জর্জ লুকাসের প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক (আইএলএম), যা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেছিল।

দীর্ঘ কর্মজীবনে চাক রাসেল পরিচালনা করেছেন একাধিক জনপ্রিয় চলচ্চিত্র। পরিচালক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন দক্ষ চিত্রনাট্যকারও। ১৯৮৪ সালের বিজ্ঞানভিত্তিক থ্রিলার ‘ড্রিমস্কেপ’-এর চিত্রনাট্যও তার লেখা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন