বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইন্স

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৪:১১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকায় বিশ্বের শীর্ষস্থানীয় অনেক এয়ারলাইনস বিভিন্ন গন্তব্যে ফ্লাইট স্থগিত বা সীমিত করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথেও। ইউরোপ ও এশিয়ার মধ্যে চলাচলকারী বহু ফ্লাইট এখন নিরাপত্তার কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, দুবাই, বাগদাদ, এরবিল, তেল আবিব, বৈরুত, দোহা, রিয়াদ ও আবুধাবিগামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ কিংবা সীমিত করেছে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা।

গ্রিসের এজিয়ান এয়ারলাইনস আগস্টের শেষ পর্যন্ত দুবাইয়ের ফ্লাইট বাতিল করেছে। একই সঙ্গে ইরাকের বাগদাদ ও এরবিল রুটেও জুলাই পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। তুরস্কের পেগাসাস এয়ারলাইনস ইরাক, ইরান, কুয়েত, বাহরাইন, রিয়াদ ও আবুধাবিগামী ফ্লাইট স্থগিত করেছে।

জার্মানির লুফথানসা গ্রুপও বাগদাদ, তেহরান, বৈরুত, দুবাই ও রিয়াদসহ কয়েকটি গন্তব্যে ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়িয়েছে। এছাড়া এয়ার ফ্রান্স, কেএলএম, জাপান এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনস, ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার কানাডাও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট বাতিল বা সীমিত করার ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান সামরিক উত্তেজনা ও আকাশপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো সতর্ক অবস্থান নিয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন