রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
বিএফআইইউয়ের প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন | ছবি: সংগৃহীত
expand
বিএফআইইউয়ের প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন | ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিএফআইইউ প্রধান বলেন, যৌথ তদন্তের আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দেশে থাকা ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ ছাড়া বিদেশে থাকা ১৯ হাজার কোটি টাকার সম্পদও জব্দ করা হয়েছে।

তিনি বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করছি, চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে সুখবর জানাতে পারব।’

এক প্রশ্নের জবাবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, ‘আমরা কোনো দল বা মতের দিকে তাকাই না। সন্দেহজনক লেনদেন বা তথ্য পাওয়া গেলে ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলেও সেটিও সামনে আসবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনা পরিবার এবং ১০টি শিল্প গ্রুপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ তদন্তে একটি যৌথ তদন্ত দল কাজ শুরু করে।

তদন্তের আওতায় থাকা শিল্প গ্রুপগুলো হলো—এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, নাসা, বসুন্ধরা, ডা. ইকবালের প্রিমিয়ার, সিকদার এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের আরামিট গ্রুপ।

বিএফআইইউ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সম্পদ জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা, বিদেশে থাকা সম্পদ ফেরাতে আন্তর্জাতিক আইনি সহায়তা সংস্থার সঙ্গে সমন্বয় এবং অন্যান্য আইনি কার্যক্রমও চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank