সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন-বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:৪৩ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের সঙ্গে একটি বাস ও মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিরাবাদ খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের ছয়টি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান রেললাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। ঠিক সেই মুহূর্তে ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী অপর্ণা পরিবহনের একটি যাত্রীবাহী বাস, একটি মাহেন্দ্র ও একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণহীন বগিগুলো সজোরে যানবাহনগুলোকে ধাক্কা দেয়।

সংঘর্ষে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়, বাসটি ছিটকে রেললাইনের পাশের খাদে পড়ে এবং ইজিবাইকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, হাইওয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ইজিবাইকের যাত্রী মনোয়ার মারা যান।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, দুর্ঘটনার পর রাত সাড়ে ৮টা থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন বগিগুলো সরিয়ে রেললাইন সম্পূর্ণ সচল না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।

দুর্ঘটনার কারণে খানখানাপুর রেলগেট এলাকায় কিছু সময় সড়কপথে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধার কাজ শেষে প্রায় ৪৫ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়। তবে রেললাইন পরিষ্কারের কাজ চলায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন