সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আতলেটিকো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০২:৫০ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রবার্ট লেভানডফস্কির দীর্ঘমেয়াদি উত্তরসূরি খুঁজছে বার্সেলোনা। সম্ভাব্য সেই তালিকায় সবচেয়ে ওপরে রয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তবে তাকে দলে টানতে আর্থিক সীমা অতিক্রম করতে নারাজ কাতালান ক্লাব। ফলে এই দলবদলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আলভারেজের পরবর্তী পদক্ষেপের ওপর।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, আলভারেজকে কেনার জন্য বার্সেলোনা সর্বোচ্চ ১০ কোটি ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত। এর বেশি অর্থ ব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু আতলেতিকো মাদ্রিদও তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ওই অঙ্কে ছাড়তে আগ্রহী নয়।

দুই ক্লাবের অবস্থান একেবারে বিপরীত হওয়ায় আপাতত আলোচনায় বড় কোনো অগ্রগতি নেই। তবে এতে বার্সেলোনার ভেতরে তাড়াহুড়োর কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ক্লাবের ধারণা, বর্তমান স্কোয়াডে আক্রমণভাগে তাদের পর্যাপ্ত বিকল্প রয়েছে।

নতুন মৌসুমে অ্যান্থনি গর্ডন ও করিম আদিয়েমিকে দলে ভেড়ানোর পর আক্রমণভাগ আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি ফেরান তোরেস, দানি ওলমো ও রাফিনিয়াও প্রয়োজনে কেন্দ্রীয় ফরোয়ার্ডের ভূমিকায় খেলতে পারেন। ফলে আলভারেজকে না পেলেও তাৎক্ষণিক সংকটে পড়বে না দলটি।

তবে বার্সার কোচ হান্সি ফ্লিকের পছন্দের তালিকায় আলভারেজ যে অন্যতম নাম, সেটিও জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। তবু ক্লাবের নীতিনির্ধারকেরা বাজারদর ছাড়িয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না। তাদের বিশ্বাস, পরিস্থিতি বদলালে আলোচনার নতুন সুযোগ তৈরি হতে পারে।

এদিকে বার্সেলোনা-ঘনিষ্ঠ সাংবাদিক আশরাফ বেন আইয়াদের দাবি, আতলেতিকো মাদ্রিদ তাদের অবস্থান থেকে একচুলও সরে আসবে না—এ বিষয়টি এখন পরিষ্কারভাবে বুঝে গেছে বার্সা। তাই ক্লাবটির নজর এখন আলভারেজের দিকে।

আইয়াদের মতে, দলবদলটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা তৈরি হবে তখনই, যদি আলভারেজ নিজেই বার্সেলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশ করে আতলেতিকো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে ভূমিকা রাখেন। অর্থাৎ, এই মুহূর্তে সম্ভাব্য এই দলবদলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সিদ্ধান্তের ওপর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন