সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে লেখা ফিফার চিঠি ফাঁস, কি আছে চিঠিতে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:১৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনাল শেষ হয়েছে, কিন্তু সেই ম্যাচের উত্তাপ এখনো পুরোপুরি কমেনি। মাঠের সংঘর্ষের ঘটনায় যখন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারকে ঘিরে ফিফার তদন্ত চলছে, ঠিক তখনই আলোচনায় এসেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি অভিনন্দনপত্র।

ফাঁস হওয়া ওই চিঠিতে ২০২৬ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন ইনফান্তিনো। শুধু শুভেচ্ছাই নয়, পুরো আসরে দলের ‘পেশাদারিত্ব’ এবং পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি। আর এই মন্তব্যই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছিল। প্রতিপক্ষকে থামাতে অতিরিক্ত ফাউল, আগ্রাসী মনোভাব এবং ম্যাচ-পরবর্তী আচরণ নিয়ে সমালোচনাও কম হয়নি। বিশেষ করে ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় ফিফা তদন্ত শুরু করে। সেই ঘটনায় আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের নামও আলোচনায় আসে।

এমন প্রেক্ষাপটে ফিফা সভাপতির চিঠিতে ‘পেশাদারিত্ব’ শব্দটির ব্যবহার অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ফিফা সভাপতির চিঠির অনুবাদকৃত অংশ নিচে তুলে দেওয়া হলো—

‘প্রিয় সভাপতি মহোদয়, বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ নতুন সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভাদের উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে।

আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সও এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন।

এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন