সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রিয় ৫ টুথপেস্টে মিলল সর্বোচ্চ মাইক্রোপ্লাস্টিক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষায় ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি টুথপেস্টে সবচেয়ে বেশি মাত্রায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এসব পণ্যের প্রতি ১০০ গ্রামে ১২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা মিলেছে।

রোববার (২৭ জুলাই) পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকাশিত এক বছরের গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গবেষণার নমুনাগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা হয়।

গবেষণা অনুযায়ী, মেডিপ্লাস ফ্লুরাইড জেল টুথপেস্টে সবচেয়ে বেশি, প্রতি ১০০ গ্রামে ৩২০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এরপর ক্লোজআপ রেড হট ও ক্লোজআপ মেন্থল ফ্রেশ টুথপেস্টে পাওয়া গেছে ১৬০টি করে কণা। এছাড়া শিশুদের জন্য তৈরি কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা–স্ট্রবেরি টুথপেস্টে ১৪০টি এবং সিগন্যাল গ্রিন টি টুথপেস্টে ১২০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।

ইএসডিও দীর্ঘ এক বছরের গবেষণা ও সমীক্ষার ফল প্রকাশ করে। সংস্থাটি জানায়, পরীক্ষিত ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যা মোট নমুনার ৭৬ দশমিক ৫ শতাংশ।

দেশব্যাপী ২ হাজার ৭৬০ জনের ওপর পরিচালিত ভোক্তা জরিপে দেখা গেছে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে সচেতনতা এখনও সীমিত। অংশগ্রহণকারীদের ৪১ দশমিক ৯ শতাংশ জানিয়েছেন, তারা আগে কখনও এ বিষয়ে শোনেননি। ৩১ দশমিক ৩ শতাংশ এ বিষয়ে শুনলেও বিস্তারিত জানেন না। মাত্র ২৬ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে সচেতন বলে জানিয়েছেন।

জরিপে সবচেয়ে বেশি ব্যবহৃত টুথপেস্ট ব্র্যান্ড হিসেবে মেডিপ্লাসের নাম এসেছে। ৩৫ দশমিক ৬ শতাংশ উত্তরদাতা এটি ব্যবহার করেন। এরপর ক্লোজআপ ও পেপসোডেন্ট ব্যবহার করেন ১৩ দশমিক ৮ শতাংশ এবং কোলগেট ব্যবহার করেন ১১ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উপপরিচালক (রসায়ন) মো. মনজুরুল করিম বলেন, টুথপেস্টের জাতীয় মানে বর্তমানে ৪০টি অনুমোদিত উপাদান ও কণার আকারের সীমা নির্ধারণ করা আছে। মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি বিবেচনায় নিয়ে টুথপেস্টের মান সংশোধনের বিষয়টি ভাবা হচ্ছে।

ইএসডিও বলেছে, বাংলাদেশে বাজারজাত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এটিই প্রথম বৈজ্ঞানিক গবেষণা। বর্তমানে দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কোনো জাতীয় মানদণ্ড, অনুমোদিত সীমা, পরীক্ষাপদ্ধতি বা বাধ্যতামূলক লেবেলিং নীতি নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন