রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি: মিরাজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
expand
রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি: মিরাজ

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে ভারতে যেতে অনুমতি দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার।

গ্রুপপর্বে বাংলাদেশের চার ম্যাচ ছিল ভারতে। তিনটি কলকাতায় ও একটি মুম্বাইয়ে। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকায় বাংলাদেশ আইসিসিকে ভেন্যু সরানোর অনুরোধ করে। আইসিসি বাংলাদেশের অনুরোধ নাকচ করায় দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। বিসিবিও তা মেনে নিতে বাধ্য হয়।

তখন নিরাপত্তা ইস্যুটিকে সরকার ও বিসিবি সামনে আনলেও আইসিসি স্বাধীনভাবে বাংলাদেশ দলের ওপর নিরাপত্তা হুমকি আছে কি না তা নিয়ে তদন্ত করে। কিন্তু রিপোর্টে কিছু না পাওয়ায় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে সাফ জানিয়ে দেয় আইসিসি।

বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ গত ২১ জানুয়ারি খারিজ হয়ে যায় আইসিসি বোর্ড সদস্যদের ভোটাভুটিতেও। নিজের ভোট বাদে মাত্র একটি দেশের সমর্থন পেয়েছে বাংলাদেশ। মোট ১৬ সদস্য দেশের ভোটের ১৪টিই গেছে বাংলাদেশের বিপক্ষে।

লম্বা সময় পর এই আলোচনা ওঠার কারণ, বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিশ্বকাপে অংশগ্রহণের কারণ জানাতে গিয়ে বোমা ফাটিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, রাজনৈতিক কারণে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। যা শুধুমাত্র ক্রিকেটার না, সমর্থকদের জন্যও ছিল হতাশার।

ভারতীয় ক্রীড়া বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজ-কে দেয়া এক সাক্ষাৎকারে মিরাজ এই কথা বলেন। বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলায় ব্যস্ত মিরাজ। সেখানেই বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে কথা বলেন।

মিরাজ বলেন, ‘আমি মনে করি, এটা রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে আমার বলার মতো তেমন কিছু নেই। প্রত্যেক ক্রিকেটারেরই বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে। আমাদের অনেক তরুণ খেলোয়াড়ও সেই সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি। কী ঘটেছিল, সেটা সবাই জানে।’

রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ফলে এবারের ২০ দলের বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় স্কটল্যান্ড।

এর আগে আরেকটি বিতর্কের জন্ম হয়, যখন বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের মেগা নিলামে দলে নেওয়ার পরও কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এরপর বিসিবি এবং সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ পুনর্ব্যক্ত করে এবং হাইব্রিড মডেলের দাবি তোলে। তবে স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশ দলের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি। সেই কারণেই আইসিসি ভেন্যু পরিবর্তনের অনুরোধ গ্রহণ করেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন