রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দল ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট থেকে খেলাফত মজলিস সরে দাঁড়ানোর পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জোটের আরেক শরিক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও শিগগিরই এ জোট ছাড়তে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

তবে এসব আলোচনা নাকচ করে দলটির নেতারা জানিয়েছেন, তারা এখনো জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গেই রয়েছেন।

রোববার (২৬ জুলাই) বিষয়টি নিয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দল ১১ দলীয় ঐক্য ছাড়ছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা সম্পূর্ণ গুঞ্জন। এর কোনো সত্যতা নেই। খেলাফত মজলিস ১১ দলীয় ঐক্য ছাড়ার খবর শুনেছি, তবে আমরা এখনো এই ঐক্যে বহাল আছি।’

এর আগে শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ বৈঠকে ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় দলটি।

বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনি সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ায় সেই সমঝোতার কার্যকারিতাও শেষ হয়েছে। ফলে এখন থেকে জোটের কোনো কর্মসূচিতে অংশ নেবে না খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর কোনো ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার, পোস্টার বা প্রচার-প্রচারণায় তাদের দল বা নেতাদের নাম ব্যবহার না করার জন্য। পরে রংপুরে আয়োজিত একটি সমাবেশে দলটির নাম ব্যবহার করা হলে আপত্তির পর তা প্রত্যাহার করা হয়।

খেলাফত আন্দোলন এবং পরে খেলাফত মজলিসের ‘১১ দলীয়’ ঐক্য ত্যাগের ঘোষণার পর জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শরিক অন্য দলগুলোর অবস্থান নিয়েও নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এ পর্যন্ত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আনুষ্ঠানিকভাবে জোটে থাকার কথাই জানিয়েছে।

এদিকে, খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসের জোট ত্যাগের ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামী। তবে ‘নেজামে ইসলাম পার্টি জোট ছাড়তে পারে’—এমন গুঞ্জনের বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, ‘নেজামে ইসলাম পার্টির ব্যাপারে কোনো কিছু জানা নেই।’

এ সময় খেলাফত মজলিসের জোট ত্যাগের বিষয়ে জামায়াতের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা লিয়াজোঁ কমিটি বসে জানানো হবে।’

সূত্র: কালবেলা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন