

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতে পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তরুণদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নফাঁস ঠেকাতে সরকারের উদ্যোগ নিয়ে প্রকাশিত একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ইতিবাচক প্রতিক্রিয়া ও পরামর্শ দেওয়ায় তরুণ সমাজের প্রশংসা করেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোদী বলেন, শিক্ষার্থীরা তার ভিডিওতে যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তরুণদের সঙ্গে এই যোগাযোগ আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার রাতে প্রকাশিত ভিডিও বার্তায় প্রশ্নফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু পরীক্ষার্থীদের নয়, তাদের পরিবারের জন্যও বড় ধরনের কষ্টের কারণ। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে গত কয়েক মাসে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
মোদী জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, প্রশ্নফাঁস সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।
আন্দোলনের চাপের মুখে কেন্দ্র সরকার প্রশাসনিক পর্যায়ে কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।
তবে এসব পদক্ষেপে পুরোপুরি সন্তুষ্ট নন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা এখনও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
শুক্রবার শিক্ষার্থী প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে একটি দাবি সনদ জমা দেন। এতে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিও রয়েছে।