

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। হামলার সময় জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
এ ঘটনায় দিল্লিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র (ডেমার্শ) জারি করেছে দেশটি।
বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) জেসন মিকসকে তলব করে জাহাজে হামলার ঘটনায় ভারতের উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাগারাজ নাইডু।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ২১ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তবে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দূতাবাস।
এর আগে হরমুজ প্রণালির কাছে অবস্থানরত তেলবাহী ট্যাংকার সেত্তেবেল্লো ‘র ইঞ্জিন কক্ষে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে মুহূর্তেই জাহাজটিতে আগুন ধরে যায়।
পালাউয়ের পতাকাবাহী জাহাজটিতে মোট ২৮ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ২৪ জনই ভারতীয় নাগরিক। হামলার সময় জাহাজটি ওমানের সোহার বন্দরের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ছিল। আঘাত হানার পর জাহাজটি জরুরি বিপদসংকেত (ডিস্ট্রেস কল) পাঠিয়ে হামলার বিষয়টি জানায়।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল থেকে ইরান-সংশ্লিষ্ট নৌপরিবহন কার্যক্রমের বিরুদ্ধে অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। এর পেছনে কারণ হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ আরোপের কথা উল্লেখ করা হয়। হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচিত।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ৮ জুন পর্যন্ত তাদের বাহিনী সাতটি অবাধ্য জাহাজকে অকার্যকর করেছে, ১৩৪টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করেছে এবং মানবিক সহায়তাবাহী ৪২টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে।
এর আগে সোমবার ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করায় ‘মারিভেক্স’ নামের একটি খালি তেলবাহী ট্যাংকারকে অকার্যকর করে মার্কিন বাহিনী। ওই জাহাজে থাকা ২৪ ভারতীয় নাবিককে পরে নিরাপদে উদ্ধার করা হয়।
সূত্র: এনডিটিভি
