

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমারের শারীরিক অবস্থা। চোটের কারণে তার বিশ্বকাপের শুরুটা অনিশ্চয়তার মধ্যে থাকলেও সর্বশেষ খবর ব্রাজিল সমর্থকদের জন্য আশার বার্তা নিয়ে এসেছে। প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন সেলেসাওদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ডান পায়ের কাফের চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি দেখিয়েছেন ৩৪ বছর বয়সী নেইমার। ফলে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
শুরুতে ধারণা করা হয়েছিল, গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত হতে পারবেন না নেইমার। সে অনুযায়ী তার পুনর্বাসন পরিকল্পনাও সাজিয়েছিল দলের মেডিকেল টিম। কিন্তু সাম্প্রতিক উন্নতির কারণে সেই সময়সূচি এগিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ মেডিকেল পরীক্ষার ফলও ব্রাজিল দলের জন্য ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পুনর্বাসনের প্রতিটি ধাপ সন্তোষজনকভাবে এগোচ্ছে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নেইমার অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
এখনও দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে যোগ না দিলেও ব্যক্তিগত ফিটনেস সেশন, জিম ও বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও বিষয়টি নিয়ে আশাবাদী। তবে কোনো ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে তাকে ম্যাচ ফিট করে তোলার দিকেই মনোযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
দীর্ঘ সময় পর জাতীয় দলের জার্সিতে বড় টুর্নামেন্টে ফিরতে যাওয়া নেইমারকে ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হিসেবে দেখা হচ্ছে। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা বিশ্বকাপে দলের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। আর সেই ম্যাচে নেইমারের সম্ভাব্য উপস্থিতি শুধু ব্রাজিল সমর্থকদের নয়, বিশ্ব ফুটবলপ্রেমীদেরও বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
