বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে সবচেয়ে নজরকাড়া জার্সি কোন দলের?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০১:০৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নয়, সমানতালে চলছে জার্সির ফ্যাশন যুদ্ধও। ফুটবলের সবচেয়ে বড় আসরে প্রতিটি দল যেমন শিরোপার জন্য লড়বে, তেমনি সমর্থকদের নজর কাড়তে প্রতিযোগিতা চলছে বাহারি ডিজাইন, রঙ এবং ঐতিহ্যের মিশেলে তৈরি জার্সিগুলো নিয়েও।

এবারের আসরে হোম ও অ্যাওয়ে কিটের সামগ্রিক নকশা, সাংস্কৃতিক উপস্থাপন এবং সৃজনশীলতার ভিত্তিতে সেরা ১০ জার্সির একটি তালিকা আলোচনায় এসেছে।

তালিকার দশম স্থানে রয়েছে মরক্কো। দেশটির ঐতিহ্যবাহী নকশা ও জ্যামিতিক শিল্পকর্মের অনুপ্রেরণায় তৈরি জার্সি ফুটিয়ে তুলেছে উত্তর আফ্রিকার সংস্কৃতির সৌন্দর্য।

নবম স্থানে জায়গা করে নিয়েছে স্পেন। তাদের পরিচিত লাল হোম জার্সির পাশাপাশি ক্রিম রঙের অ্যাওয়ে কিটে আভিজাত্যের ছাপ স্পষ্ট, যা সমর্থকদের প্রশংসা কুড়িয়েছে।

অষ্টম স্থানে দক্ষিণ কোরিয়া। দলটির অ্যাওয়ে জার্সিতে ব্যবহৃত বেগুনি রঙ ও ফুলেল নকশা প্রচলিত ধারার বাইরে গিয়ে আলাদা মাত্রা যোগ করেছে।

সপ্তম স্থানে রয়েছে জাপান। ঐতিহ্যবাহী ‘সামুরাই ব্লু’ হোম কিটের সঙ্গে অফ-হোয়াইট অ্যাওয়ে জার্সিতে বেসবল সংস্কৃতির প্রভাব দেখা যায়, যা জাপানের ক্রীড়া ঐতিহ্যের সঙ্গে দারুণভাবে মিশে গেছে।

মেক্সিকো রয়েছে ষষ্ঠ স্থানে। দেশটির আদিবাসী সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হোম ও অ্যাওয়ে জার্সির পাশাপাশি কালো রঙের থার্ড কিট বিশেষভাবে নজর কেড়েছে।

পঞ্চম স্থানে ব্রাজিল। হলুদ-সবুজের ঐতিহ্য ধরে রাখা হোম জার্সির সঙ্গে অ্যাওয়ে কিটে আমাজন অরণ্যের অনুপ্রেরণা নতুনত্ব এনে দিয়েছে।

চতুর্থ স্থানে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ১৯৯৪ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনা নকশা এবং দেশের জাতীয় পরিচয়ের প্রতীকী উপাদান ব্যবহার করে তৈরি জার্সিগুলো সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আকাশি-সাদা ঐতিহ্যের পাশাপাশি কালো অ্যাওয়ে জার্সিতে আধুনিক শিল্পরীতির ছোঁয়া দলটির ফ্যাশন উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে।

দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে উরুগুয়ে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক স্মৃতিকে কেন্দ্র করে তৈরি নকশা জার্সিটিকে দিয়েছে আলাদা মর্যাদা।

আর সবার ওপরে রয়েছে ফ্রান্স। নীল রঙের বিভিন্ন শেড, পরিমিত অলংকরণ এবং ক্লাসিক কলার ডিজাইনের সমন্বয়ে তৈরি তাদের হোম ও অ্যাওয়ে কিটকে এবারের বিশ্বকাপের সবচেয়ে নান্দনিক ও পরিশীলিত জার্সি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মাঠের লড়াই শুরু হওয়ার আগেই জার্সির নকশা নিয়ে আলোচনায় এগিয়ে আছে এই দলগুলো। এখন দেখার বিষয়, ফ্যাশনের মঞ্চে আলো ছড়ানো দলগুলো মাঠের পারফরম্যান্সেও নিজেদের কতটা সফলভাবে তুলে ধরতে পারে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন