বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিকার সেই রেফারিকে কেন প্রবেশে অনুমতি দেয়া হয়নি, জানাল যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০১:৫৩ এএম
সোমালিয়ার রেফারি ওমর আরতান
expand
সোমালিয়ার রেফারি ওমর আরতান

ফিফা ফুটবল বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল সোমালিয়ার রেফারি ওমর আরতানের।

তবে যুক্তরাষ্ট্রে গিয়েও বিমানবন্দর থেকেই ফিরতে হয়েছে তাকে। দেশটিতে প্রবেশের অনুমতি না মেলায় আফ্রিকার অন্যতম সেরা এই রেফারি এবারের বিশ্বকাপের অংশ হতে পারছেন না।

তাকে কেন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হয়নি, সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে বিষয়টি নিয়ে বিবিসির কাছে মুখ খুলেছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা।

তিনি বলেছেন, একটি সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে ‘সংশ্লিষ্টতার’ কারণে আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

তিনি জানান, ‘এই ব্যক্তি (আরতান) যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চাইছিলেন। পরবর্তী তল্লাশির সময় সিবিপি (কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন) কর্মকর্তারা এমন কিছু নেতিবাচক তথ্য পান, যার মধ্যে সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ও ছিল।

ফলে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও নাগরিকত্ব আইন (আইএনএ) অনুযায়ী তিনি দেশটিতে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হন।’

‘তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। আইএনএর ৮২৩৫ ধারার অধীনে দ্রুত বহিষ্কার (এক্সপেডাইটেড রিমুভাল) প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন আমাদের দেশে কোনও নিরাপত্তা ঝুঁকি প্রবেশ করতে দেবে না। এ বিষয়ে কোনো আপস নেই।’

মঙ্গলবার (৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আরতান জানান, বিমানবন্দরের কর্মকর্তারা তাকে সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাবের সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জবাবে তিনি বলেন, ওই সংগঠন সম্পর্কে তিনি কিছুই জানেন না।

এদিকে ২০২৫ সালে আফ্রিকার সেরা রেফারির খেতাব জেতা আরতানকে তার দেশ সোমালিয়াতে রাজকীয় অভ্যর্থনা দেয়া হয়েছে। মোগাদিশুর আদেন আদ্দে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আরতানকে স্বাগত জানিয়েছেন সরকারি কর্মকর্তা, সোমালি ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, সহকর্মী রেফারি এবং স্থানীয় বাসিন্দারা। পরে প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদের সঙ্গে প্রেসিডেন্সিয়াল প্যালেসে সাক্ষাৎ করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন