

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আফগানিস্তানের পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে ১১ জন শিশু রয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ।
বুধবার (১০ জুন) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়েছে। তার দাবি, হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
আফগান সরকারের অভিযোগ, পাকিস্তানি যুদ্ধবিমান দেশটির আকাশসীমা অতিক্রম করে বেসামরিক বসতিতে হামলা চালিয়েছে। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটেছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সরকার বা সামরিক বাহিনীর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের অবস্থান ও সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করেই অভিযান পরিচালনা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ইসলামাবাদ অভিযোগ করে আসছে, পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো আফগান ভূখণ্ড ব্যবহার করে হামলার পরিকল্পনা ও কার্যক্রম চালায়। অন্যদিকে আফগান কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, পাকিস্তানের নিরাপত্তা সংকট তাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়।
সাম্প্রতিক এই ঘটনার ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে সীমান্ত এলাকায় সংঘর্ষের জেরে দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে।
পরে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্ত পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন পক্ষ মধ্যস্থতার উদ্যোগ চালিয়ে যাচ্ছে।
