

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’কে ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মুসলিম বিশ্বের বেশকিছু দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। ইতোমধ্যে, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান চুক্তিটিতে স্বাক্ষর করেছে। এছাড়া আলোচনায় রয়েছে, বাংলাদেশ, মিশর এবং ইরান।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, এই চুক্তির আওতায় থাকা দেশগুলোর মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার, যৌথ সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতে আরও দেশ এতে যুক্ত হলে এর সামরিক ও কূটনৈতিক প্রভাবও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
ফলে এককভাবে নিরাপত্তা মোকাবিলার পরিবর্তে অংশগ্রহণকারী দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংকট মোকাবিলার সুযোগ পাবে-
সামরিক সক্ষমতা বাড়ানোর সুযোগ
চুক্তিতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে নিয়মিত সামরিক যোগাযোগ, যৌথ মহড়া ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হতে পারে। স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষার পাশাপাশি সাইবার নিরাপত্তা, ড্রোন ও ইলেকট্রনিক যুদ্ধের মতো আধুনিক যুদ্ধক্ষেত্রেও সহযোগিতা বাড়তে পারে।
এর ফলে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের সামরিক বাহিনীর সক্ষমতা যাচাই, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিতভাবে বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে।
প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতা
আধুনিক যুদ্ধব্যবস্থায় প্রযুক্তির গুরুত্ব বাড়ায় প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ও চুক্তির গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তিতে যৌথ গবেষণা ও উন্নয়নের সুযোগ তৈরি হবে।
গোয়েন্দা ও নিরাপত্তা সহযোগিতা
বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুসারে, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত অপরাধ, সাইবার হামলা, ড্রোন হামলা ও অন্যান্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিনিময়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই চুক্তি। একাধিক দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় বাড়লে সম্ভাব্য হুমকি সম্পর্কে আগাম তথ্য পাওয়া এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিক প্রভাব বাড়ার সম্ভাবনা
চুক্তিতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়লে এর কূটনৈতিক গুরুত্বও বাড়বে। আঞ্চলিক সংকট, যুদ্ধ, নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতিতে অংশগ্রহণকারী দেশগুলো সমন্বিত অবস্থান নেওয়ার সুযোগ পেতে পারে। এতে আন্তর্জাতিক অঙ্গনে তাদের দর-কষাকষির ক্ষমতাও বাড়তে পারে।
বিশেষ করে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও মুসলিম বিশ্বের বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে একটি সমন্বিত অবস্থান গড়ে উঠলে চুক্তিটি সামরিক সহযোগিতার পাশাপাশি কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অর্থনৈতিক ও প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা
প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রযুক্তি বিনিয়োগ ও যৌথ প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিক সুবিধাও তৈরি হতে পারে। অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা অনুযায়ী একে অপরের বাজার ও প্রযুক্তির সুবিধা নিতে পারবে।
এর ফলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানির ওপর নির্ভরতা কমিয়ে যৌথ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশের মতো কোনো দেশ এতে যুক্ত হলে সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, যৌথ মহড়া এবং কৌশলগত সহযোগিতার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে সীমাবদ্ধতাও রয়েছে-
বিশ্লেষকদের মতে, মক্কা প্রতিরক্ষা চুক্তিকে এখনই ন্যাটোর সমতুল্য সামরিক জোট হিসেবে দেখা ঠিক হবে কিনা সে ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এর কার্যকারিতা নির্ভর করবে অংশগ্রহণকারী দেশগুলো বাস্তবে কতটা সামরিক সমন্বয় গড়ে তুলতে পারে এবং কোনো সদস্য আক্রান্ত হলে অন্যরা কী ধরনের সহযোগিতা করে তার ওপর।
এ ছাড়া নতুন কোনো দেশের অংশগ্রহণের ক্ষেত্রে তার নিজস্ব পররাষ্ট্রনীতি, আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে চুক্তির বিস্তার যেমন নতুন সুযোগ তৈরি করবে, তেমনি অংশগ্রহণকারী দেশগুলোর জন্য কূটনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও তৈরি করতে পারে।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সৌদি গেজেট


