রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:৪০ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই জনসমক্ষে আসেননি। যুদ্ধাবস্থার মধ্যে আড়াল থেকেই তিনি ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করে আসছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

দীর্ঘদিন পর এবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার টেলিগ্রামে প্রকাশ করা ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির সঙ্গে বসে কথা বলতে দেখা যায়। ভিডিওতে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা গেছে।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি। এমনকি মোজতবাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তার কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশিত হয়নি। তার নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে অথবা রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে।

মেহের নিউজের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চীনা সংবাদমাধ্যম সিজিটিএনও মেহের নিউজের বরাতে তাদের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেছে। তবে মেহের নিউজের ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে এ বিষয়ে কোনো প্রতিবেদন বা ভিডিও পাওয়া যায়নি।সংবাদ প্রতিবেদন

দীর্ঘদিন পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও সামনে আসায় ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে এবং মোজতবার সঙ্গে থাকা ব্যক্তিরা কারা? এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন