সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৯:৩৯ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

ফলে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে নিখোঁজের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

বুধবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় মাত্র এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ লা গুয়াইরা অঞ্চলে বহু বহুতল ভবন, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধসে পড়ে। ভূমিকম্পের কম্পন প্রতিবেশী কয়েকটি দেশেও অনুভূত হয়।

স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, নিহতদের অনেককে হাসপাতালে আনার আগেই মৃত অবস্থায় পাওয়া গেছে অথবা হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকাজে সেনাবাহিনী, দমকল বাহিনী, স্বেচ্ছাসেবক ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল অংশ নিয়েছে। তবে বিধ্বস্ত সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এবং ধসে পড়া ভবনের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে দিন-রাত অভিযান চালানো হচ্ছে।

দুর্যোগের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আন্তর্জাতিক সহায়তাও পৌঁছাতে শুরু করেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: আল জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন