সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের অন্যতম নিরাপদ গাড়িতে চড়েন পুতিন, কী আছে এতে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিলাসবহুল সাঁজোয়া লিমোজিন অরাস সেনাটছবি
expand
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিলাসবহুল সাঁজোয়া লিমোজিন অরাস সেনাটছবি

বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার ভারতে পৌঁছাচ্ছেন। তাঁর সফরের সঙ্গে আসছে কঠোর নিরাপত্তা বলয় ও ব্যক্তিগত সাঁজোয়া লিমোজিন—অরাস সেনাট, যা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত যানবাহনের তালিকায় শীর্ষে রয়েছে।

চার বছর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনায় অংশ নেবেন এবং রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

সবচেয়ে কঠোর নিরাপত্তায় থাকেন এমন বিশ্বনেতাদের মধ্যে পুতিন অন্যতম। প্রতিটি বিদেশ সফরেই তিনি নিজের বিশেষায়িত লিমোজিনটি সঙ্গে নিয়ে যান।

অরাস সেনাট সম্পূর্ণ রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি বিলাসবহুল ও সাঁজোয়া লিমোজিন, যা প্রেসিডেন্ট ও সরকারের বিশেষ ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। ভেতরের অংশটি অত্যন্ত আরামদায়ক, বিলাসবহুল এবং উচ্চ-প্রযুক্তিসমৃদ্ধ।

এর আগে পুতিন ব্যবহার করতেন মার্সিডিজ-বেঞ্জ এস ৬০০ গার্ড পুলম্যান। পরে আমদানি নির্ভরতা কমাতে রাশিয়া নিজেদের ‘কোর্তেজ প্রকল্প’ হাতে নেয় এবং সে প্রকল্পের ফলাফলই অরাস সেনাট। ২০১৮ সালে পুতিনের শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো এটি প্রকাশ্যে আসে।

সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিংয়ের সহযোগিতায় অরাস মোটরস গাড়িটি তৈরি করে। ২০২১ সাল থেকে এর বৃহৎ পরিসরে উৎপাদন শুরু হয়। এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তে এই লিমোজিন দেখা গেছে। ২০২৪ সালে এটি উপহার দেওয়া হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে।

অরাস সেনাট চরম ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো— সম্পূর্ণ বুলেটপ্রুফ গঠন,ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধের ক্ষমতা, পানিতে ডুবে গেলে ভেসে থাকার সক্ষমতা, টায়ার নষ্ট হলেও উচ্চগতিতে চলতে পারা, রাসায়নিক হামলা প্রতিরোধী স্বতন্ত্র বায়ু-পরিশোধন ব্যবস্থা, শক্তিশালী ইঞ্জিন, যা ০ থেকে ১০০ কিমি গতি তুলতে মাত্র ৬–৯ সেকেন্ড নেয়।

ভেতরের অংশ পুরোপুরি বিলাসবহুল—চামড়ার আসন, হাতে বানানো কাঠের প্যানেল, জলবায়ু নিয়ন্ত্রণব্যবস্থা এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থাসহ।

অরাস সেনাটের সাধারণ সংস্করণের মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ রুবল। তবে পুতিনের জন্য তৈরি বিশেষ সাঁজোয়া সংস্করণে গোপন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর দাম সাধারণ মডেলের প্রায় দ্বিগুণ। এই সংস্করণ সাধারণ মানুষের জন্য বাজারজাত করা হয় না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X