বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টি ও নতুন করে বন্যা নিয়ে আবহাওয়া অফিসের দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের উজান এলাকায় আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারার পানি আরও বাড়তে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানিও কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদীসংলগ্ন নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একই সময়ে ধরলা নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, যার প্রভাবে লালমনিরহাট ও কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী পাঁচ দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও বাড়তে পারে। এর ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার বিভিন্ন স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এসব জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলেও সাময়িক বন্যা দেখা দিতে পারে।

অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী দুই দিন প্রায় স্থিতিশীল থাকলেও পরবর্তী তিন দিনে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া সোমেশ্বরী, কংস ও ভুগাই নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নেত্রকোণার কিছু স্থানে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। একই সময়ে ভুগাই ও কংস নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন