

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েই ইতিহাস গড়ল বাংলাদেশের নারী হকি দল। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে জয় পেল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই বাছাইপর্বে আগের দিন চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে আজ আরও সংগঠিত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখায় দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শারিকা রিমন গোল করে দলকে এগিয়ে দেন। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরায় উজবেকিস্তান।
এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৪ মিনিটে কনা আক্তারের গোলে আবারও এগিয়ে যায় দল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা চালায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকেই আইরিন আক্তার রিয়া দলের তৃতীয় গোলটি করেন। তবে শেষ কোয়ার্টারের শুরুতেই উজবেকিস্তান আরেকটি গোল করে ব্যবধান কমায় এবং ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়।
শেষ ১৪ মিনিট বেশ চাপের মধ্যেই কাটাতে হয় বাংলাদেশকে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে সতর্কতার সঙ্গে খেলে জয় নিশ্চিত করে দলটি।
দুই ম্যাচ শেষে ‘এ’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে এবং সেমিফাইনালে পৌঁছানো চারটি দলই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
মন্তব্য করুন
