বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত-ফিজে কিউই বধ, সিরিজ জিতল বাংলাদেশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
ইনজুরি থেকে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান ।। ছবি: সংগৃহীত
expand
ইনজুরি থেকে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান ।। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর বল হাতে ইনজুরি কাটিয়ে ফেরা মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক ‘ফাইফারে’ সিরিজ নির্ধারনী ম্যাচটি জিতে নেয় টাইগাররা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই সাইফ হাসান শূন্য রানে ফেরেন। এরপর তানজিদ তামিম ১ রান করে আউট হন। সৌম্য সরকারও বড় ইনিংস খেলতে পারেননি। সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত ১৮ রান সংগ্রহ করেন তিনি।

শুরুর ধাক্কা সামাল দিতে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়েন। দুজনই ধীরে ধীরে ইনিংস গুছিয়ে দলকে স্থিতি দেন। শান্ত ৭০ বলে ফিফটি পূর্ণ করেন এবং পরে ১১৪ বলে সেঞ্চুরি করেন। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। তবে ১০৫ রানে তিনি আউট হলে বড় সংগ্রহের পথে কিছুটা ধাক্কা লাগে বাংলাদেশ।

এছাড়া দীর্ঘদিন পর ফিফটির দেখা পান লিটন দাসও। তিনি ৭৬ রান করে আউট হন। শেষ দিকে তাওহীদ হৃদয়ের ৩৩ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ ৮ উইকেটে ২৬৫ রান তোলে।

নিউজিল্যান্ডের হয়ে উইল ও’রুর্ক নেন ৩ উইকেট, বেন লিস্টার ও জেয়ডেন লেনক্স নেন ২টি করে উইকেট।

টার্গেট তাড়ায় নেমে শুরুতেই চাপে পড়ে কিউইরা। মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানার বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। এক পর্যায়ে ইনিংস গুছানোর চেষ্টা করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রণে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন ডিন ফক্সক্রফট। নিক কেলি করেন ৫৯ রান। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয় তারা।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ৫ উইকেট নেন। এছাড়া নাহিদ রানা ও মেহেদী মিরাজ নেন ২টি করে উইকেট, একটি উইকেট পান শরীফুল ইসলাম।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। আগামী ২৭ এপ্রিল একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দুই দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন