

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল (র.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দান করেছেন সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সোমবার (২২ জুন) বিকেলে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা হয়।
সারওয়ার আলমের টাকা দানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।
তিনি বলেন, শাহজালাল (র.) মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। সেই টাকার সঙ্গে ডিসি স্যার (মো. সারওয়ার আলম) তার ব্যক্তিগত তহবিল থেকে আরও ৫ লাখ টাকা দিয়েছেন। সেই টাকাসহ মাজারের অ্যাকাউন্টে এখন মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা পড়েছে।
সাতশ বছরের প্রচলিত রীতি ভেঙে প্রথমবারের মতো শাহজালাল (রহ.) মাজারে জমা পড়া দানের টাকার হিসাব প্রকাশ্যে এনে রোষানলে পড়েন মো. সারওয়ার আলম। গত রোববার তাকে সিলেটের জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে মাজারে জমা পড়া দানের টাকার গণনা করিয়ে তা প্রকাশ করেই ছাড়েন সারওয়ার আলম। সোমবার (২২ জুন) চারঘণ্টায় গণনা শেষে দানবাক্সগুলোতে ৪দিনে জমা পড়া অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব প্রকাশ করা হয়।
সন্ধ্যায় ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া ঘোষণা করেন, জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপন করা ৩টি ডেগ ও একটি দানবাক্স খুলে গণনায় নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং ৭ আনা সোনা পাওয়া গেছে।
এদিকে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে দায়িত্ব থেকে সরানোর আদেশ জারি করে।
ইতোমধ্যে সিলেটবাসীকে বিদায় জানিয়ে দিলেন সদ্য বিদায়ী ডিসি মো. সারওয়ার আলম। আজ মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তা লিখেছেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’
