মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নকআউটের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে গুরুত্বপূর্ণ এই জয়ের পরও পুরোপুরি স্বস্তিতে নেই দলটি। কারণ ম্যাচ চলাকালে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম ভরসার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে।

ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে অস্বস্তি অনুভব করার পর খেলা চালিয়ে যেতে পারেননি রোমেরো। পরে তাকে তুলে নিয়ে নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। রোমেরোর চোটের ধরন এখনো নিশ্চিত না হলেও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা শিবির।

ম্যাচ শেষে স্কালোনি জানান, রোমেরোর শারীরিক অবস্থার বিস্তারিত জানতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে। তিনি বলেন, চোটটি আগে থেকেই কিছুটা সমস্যা তৈরি করছিল এবং সেটিরই পুনরাবৃত্তি হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।

আর্জেন্টিনা কোচের আশা, চোট গুরুতর হবে না। তবে তিনি এটাও মনে করিয়ে দেন যে, দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিকল্প হিসেবে অন্যরাও প্রস্তুত রয়েছে। তবু নকআউটের আগে পূর্ণ শক্তির দল পাওয়াই তার মূল লক্ষ্য।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন রোমেরো। সেই সমস্যার কারণেই মৌসুমের শেষ দিকে কয়েকটি ম্যাচ মিস করতে হয়েছিল তাকে। অস্ট্রিয়ার বিপক্ষে একই হাঁটুতে আবারও অস্বস্তি অনুভব করায় সতর্কতা অবলম্বন করছে দলটির মেডিকেল বিভাগ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে। এতে নকআউট পর্বের আগে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য কিছুটা সময় পাবেন তিনি।

এদিকে মাঠের খেলায় দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির গোলের ধারাবাহিকতায় দুই ম্যাচেই জয় পেয়েছে দলটি। কিন্তু রোমেরোর চোটের খবর নকআউটের আগে রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে স্কালোনির জন্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup