সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত
expand

উত্তর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুরুটা মোটেও সুখকর ছিল না আসের্নালের জন্য। খেলা শুরুর দুই মিনিটেরও মধ্যেই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। তবে ম্যাচ যত গড়িয়েছে, ততই নিজেদের ছন্দ ফিরে পেয়েছে মিকেল আর্তেতার দল। শেষ পর্যন্ত চেলসিকে ২-১ গোলে হারিয়ে মৌসুমে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মর্গ্যান রজার্সের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। প্রথমার্ধে কাই হাভার্টজ সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধের শুরুতে জয়সূচক গোলটি করেন মার্টিন ওদেগোর।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। গোলের উদ্দেশ্যে নেওয়া ১৬টি শটের ৯টি ছিল লক্ষ্যে। চেলসি ১৩টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছে।

আর্সেনালের আগের তিন ম্যাচে গোল না খাওয়ার রেকর্ডও অবশ্য আজ আর থাকেনি। চেলসির ফ্রি-কিক থেকে আসা বল রক্ষণ ঠিকমতো সামলাতে না পারলে সুযোগটি কাজে লাগান রজার্স। ডি-বক্সের সামনে পাওয়া বলে ভলিতে গোল করেন তিনি।

গোল হজমের পর আর্সেনালের আক্রমণের গতি বাড়তে থাকে। রিকার্দো কালাফিওরির একটি গোল ভিএআরে অফসাইডের কারণে বাতিল হলেও চেলসিকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি স্বাগতিকেরা।

২৫ মিনিটে সমতায় ফেরে আর্সেনাল। ডেক্লান রাইসের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন হাভার্টজ। চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস বল স্পর্শ করলেও গোল ঠেকাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আর্সেনাল। ক্রিস্তস জলিসের পাসে হাভার্টজের বুদ্ধিদীপ্ত ডামির পর বল পেয়ে জোরালো শটে গোল করেন ওদেগোর। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্সেনাল, আবার সমতা ফেরানোর সুযোগও তৈরি করেছিল চেলসি।

শেষ মুহূর্তে এস্তেভোঁর শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়া। তার ওই সেভেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন ম্যানচেস্টার সিটির পেছনে। অন্যদিকে প্রথম হারে চেলসি ৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank