সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে পৃথক ঘটনায় কিশোরীসহ দুজনের আত্মহত্যা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম
প্রতীকি ছবি
expand

চাঁদপুরের মতলব উত্তরে পৃথক ঘটনায় কেরির ট্যাবলেট খেয়ে এক ব্যক্তি এবং গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে পৃথক এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে কেরির ট্যাবলেট খেয়ে দীপক মন্ডল (৪৫) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মনোরঞ্জন মন্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, দীপক মন্ডল পারিবারিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের বোঝা সামলাতে না পেরে মানসিকভাবে হতাশ হয়ে তিনি কীটনাশক জাতীয় কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে, ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে ফাহিমা আক্তার (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সে ওই গ্রামের সায়েদ আলী কারির মেয়ে।

পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, ফাহিমা মোবাইলে টিকটক করত। তার ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য সে বাবা-মায়ের কাছে আবদার করে।

পরিবারের পক্ষ থেকে পরে মোবাইল কিনে দেওয়ার কথা বলা হলেও এতে বিলম্ব হওয়ায় সে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুটি ঘটনাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তবে এসব ঘটনায় কোনো অভিযুক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দুজনই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank