সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নারী এশিয়া কাপ

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে আফসোস বাড়ল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ এএম
expand

নারীদের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১১৪ রানের ছোট লক্ষ্য দিয়েও শ্রীলঙ্কাকে প্রায় চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। একসময় ৪৪ রানেই ৫ উইকেট হারিয়েছিল লঙ্কানরা। কিন্তু হার্শিতা সামারাবিক্রমার দৃঢ় ব্যাটিং এবং শেষ দিকে বাংলাদেশের বোলিংয়ের ছন্দপতনে ম্যাচ বের করে নেয় শ্রীলঙ্কা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। শুরুতে অবশ্য বাংলাদেশের ব্যাটিং ছিল আশাব্যঞ্জক। দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের উদ্বোধনী জুটিতে আসে ৩১ রান। ১০ বলে ১৪ রান করে জুয়াইরিয়া ফিরলেও পাওয়ারপ্লেতে ৩৭ রান তুলে ভালো অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ।

দিলারার সঙ্গে এরপর জুটি বাঁধেন সোবহানা মোস্তারী। আক্রমণাত্মক শটে রান তুলছিলেন মোস্তারী। তবে দলীয় ৪৪ রানে ২৬ বলে ২৬ রান করে দিলারা আউট হলে বাংলাদেশের রান তোলার গতি কিছুটা কমে যায়। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বেশিক্ষণ টিকতে পারেননি, তাঁর ব্যাট থেকে আসে ৯ বলে ৪ রান।

এক প্রান্তে মোস্তারী চেষ্টা চালিয়ে গেলেও বড় কোনো জুটি আর হয়নি। ৪১ বলে ৩৪ রান করে তিনি আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংস আরও চাপে পড়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করে বাংলাদেশ। ফাহিমা খাতুন ১৩ বলে ১৪ রান করেন।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে চামুদি প্রাবোদা ৩ উইকেট এবং সুগান্দিকা কুমারি ২ উইকেট নেন।

জবাবে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই চামারি আতাপাত্তুকে ফেরান মারুফা আক্তার। এরপর ইমেশা দুলানিকেও বোল্ড করেন তিনি। সুলতানা খাতুনের বলে সানজানা কাভেন্দি ফিরলে পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারিয়ে মাত্র ২৯ রান করে শ্রীলঙ্কা।

এরপরও বিপদ কাটেনি। ৪১ রানে ভিশ্মি গুনারত্নে এবং ৪৪ রানে কাভিশা দিলহারি ফিরে গেলে পাঁচ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ম্যাচ তখন বাংলাদেশের দিকেই ঝুঁকে ছিল।

সেখান থেকে ম্যাচে ফিরতে শুরু করে শ্রীলঙ্কা। হার্শিতা সামারাবিক্রমা ও নীলাক্ষিকা সিলভা মিলে ষষ্ঠ উইকেটে ৩৮ রান যোগ করেন। ২৩ বলে ১৮ রান করা সিলভাকে মারুফা আক্তার ফেরালেও সামারাবিক্রমা তখনও ক্রিজে। তার ব্যাটেই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরে যায়।

১৮তম ওভারে শ্রীলঙ্কা তুলে নেয় ১৬ রান। তাতে শেষ দুই ওভারে সমীকরণ দাঁড়ায় ১৩ রান। হাতে চার উইকেট থাকায় বাংলাদেশের সামনে সুযোগ ছিল ম্যাচ শেষ করে দেওয়ার।

১৯তম ওভারে নাহিদা আক্তার প্রথম পাঁচ বলে দেন ৫ রান। শেষ বলটি অবশ্য বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে আসে—ছক্কা হাঁকান লঙ্কান ব্যাটার। এক বলেই বদলে যায় ম্যাচের সমীকরণ। শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ২ রান।

সেই রান তুলতে অবশ্য বেশি সময় লাগেনি। ৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। শেষ দিকে বোলিংয়ে বাংলাদেশ যে চাপ ধরে রাখতে পারেনি, সেটিই শেষ পর্যন্ত ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য হয়ে দাঁড়ায়।

বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৩টি উইকেট নেন। ঋতু মনি ও সুলতানা খাতুনের শিকার একটি করে উইকেট।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। বাংলাদেশও এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে পারলে সেমিফাইনালের পথ খুলে যাবে টাইগ্রেসদের সামনে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank