সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
চিত্রনায়িকা মৌসুমী
expand

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস যাপন করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মূলত অসুস্থ মায়ের সেবা ও পরিবারকে সময় দিতেই সেখানে তার অবস্থান, যদিও দেশে রয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। প্রবাসে পরিবারের পাশে থাকার পাশাপাশি টুকটাক অভিনয়েও অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে তার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হলেও, তার রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এসেছে তার নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’-এর খবর।

হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটি মূলত এক ঘণ্টার একটি নাটক বা ওয়েব কনটেন্ট হিসেবে নির্মিত হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে নির্মাতার সিদ্ধান্তে সেটিকে টেনে বড় করে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়া হয়।

সিনেমাটি মুক্তির পর দর্শকেরা একে ‘নিম্নমানের’ আখ্যা দিয়ে মৌসুমীর কাজের রুচি নিয়ে প্রশ্ন তোলেন। এ ঘটনায় ওমর সানী ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে এর মুক্তি বন্ধের আহ্বান জানান।

অন্যদিকে মৌসুমী অভিযোগ করেন, তার অজান্তেই কনটেন্টটি অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে ‘কাটপিস’-এর মতো ব্যবহার করে অনৈতিক কাজ করা হয়েছে।

বিতর্কের আবহেই নঈম ইমতিয়াজ নেয়ামুলের রচনা ও নির্দেশনায় শুরু হয়েছে ‘আ বিউটিফুল লাই’ প্রজেক্টের কাজ। তবে উদ্বেগের বিষয় হলো, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মতো এই নতুন প্রজেক্টটি নিয়েও প্রায় একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে এটি টেলিফিল্ম হিসেবে তৈরির পরিকল্পনা থাকলেও, বর্তমানে এর চিত্রনাট্য বড় করে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর কথা ভাবা হচ্ছে। ছোট পরিসরের কাজকে জোর করে বড় সিনেমায় রূপ দেওয়ার এই একই কৌশল আগে চরম বুমেরাং হয়েছিল, তাই নতুন ছবিটিও একই ভুল পথে হাঁটছে কি না তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

সব জল্পনা সত্ত্বেও নতুন প্রজেক্টটি নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছেন মৌসুমী। সংবাদ মাধ্যমে তিনি জানান, ‘আ বিউটিফুল লাই’ মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প, যা একটি মিথ্যার ওপর ভিত্তি করে সামনের দিকে এগোবে।

শুরুতে টেলিফিল্ম ভাবা হলেও শেষ পর্যন্ত এটি একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হতে যাচ্ছে। সমস্ত বিতর্ক পেছনে ফেলে দর্শকেরা এই প্রজেক্ট থেকে একটি অত্যন্ত উপভোগ্য গল্প পাবেন বলেই তিনি আশা প্রকাশ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank