

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (উলভস) সাবেক কিংবদন্তি গোলরক্ষক ফিল পার্কেস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্লাবটি। খবর বিবিসির।
১৯৬০ সালে স্কুলবয় হিসেবে উলভসে যোগ দেওয়া পার্কেস ১৯৬৬ সালে মূল দলে অভিষেক করেন। ১৯৭৮ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে তিনি ৩৮২টি ম্যাচ খেলেন এবং নিজেকে ক্লাবের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন।
১৯৭২ সালে উয়েফা কাপের ফাইনালে উলভসকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পার্কেস। যদিও শিরোপা নির্ধারণী লড়াইয়ে দুই লেগ মিলিয়ে টটেনহ্যাম হটস্পারের কাছে পরাজিত হয় দলটি।
১৯৮৩ সালে খেলোয়াড়ি জীবন শেষ করলেও উলভসের সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল। তিনি ক্লাবের সাবেক খেলোয়াড়দের সংগঠনের কমিটিতে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তাকে উলভসের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।
পার্কেসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সাবেক সতীর্থ জন রিচার্ডস। বিবিসি রেডিও ডব্লিউএমকে তিনি বলেন, “ফিল প্রায় ৭০ বছর ধরে উলভস পরিবারের অংশ ছিলেন। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
রিচার্ডস আরও বলেন, ‘লফটি’ বা ‘বিগ ম্যান’ নামে পরিচিত পার্কেস মাঠে যেমন দৃঢ় ছিলেন, ব্যক্তিজীবনে তেমনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও সহৃদয় মানুষ। বন্ধুদের বিপদে সবসময় সবার আগে এগিয়ে যেতেন তিনি।
উলভস এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালে নিজ বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর থেকে পার্কেস চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন।
ক্লাবটি শোকবার্তায় বলেছে, “এই কঠিন সময়ে ফিল পার্কেসের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। তার প্রতি ক্লাবের আনুষ্ঠানিক শ্রদ্ধাঞ্জলির বিস্তারিত পরে জানানো হবে।”
উলভস ছাড়ার পর ক্যারিয়ারের শেষ অধ্যায়ে উত্তর আমেরিকায় খেলেন পার্কেস। সেখানে তিনি ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও শিকাগো স্টিংয়ের মতো ক্লাবের জার্সিও গায়ে তুলেছিলেন।