রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৬:৪৬ পিএম
ফাইল ছবি
expand

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আর্জেন্টিনা ও স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, শুক্রবার রাতে আর্জেন্টিনার রোসারিও শহরে নিজের বাড়িতে মারা যান হোর্হে মেসি। স্থানীয় সময় রাত ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হোর্হে। লিওনেল মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে বাবার অসুস্থতা নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হয়েছে। বিশ্বকাপের সময়ও হোর্হের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছিল।

বিশ্বকাপ চলাকালে মেসির আবেগঘন মুহূর্ত নিয়ে তাকে প্রশ্ন করেছিলেন আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় হুয়ান পাবলো সোরিন। তখন মেসি জানিয়েছিলেন, পরিবারের কারণেই তাঁর আবেগ বেশি প্রকাশ পাচ্ছে। পরিবারের কঠিন সময়ের কথাও উল্লেখ করেছিলেন তিনি।

পরে মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, হোর্হে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন হোর্হে। স্ত্রী সেসিলিয়া, তিন ছেলে লিওনেল, রদ্রিগো ও মাতিয়াস, মেয়ে মারিয়া সোল এবং নাতি-নাতনিদের রেখে গেছেন তিনি।

লিওনেল মেসির ফুটবলার হয়ে ওঠার পেছনে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলায় মেসি আর্জেন্টিনার নিউয়েল’স ওল্ড বয়েজের একাডেমিতে খেলতেন। কিন্তু তাঁর শারীরিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করতে আগ্রহী ছিল না ক্লাবটি। একই পরিস্থিতি ছিল রিভার প্লেটের ক্ষেত্রেও।

তখন ছেলের ভবিষ্যতের জন্য বড় সিদ্ধান্ত নেন হোর্হে। মেসিকে নিয়ে ইউরোপে পাড়ি জমান তিনি। শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির পথ খুলে যায়।

২০০০ সালের ১৪ ডিসেম্বর বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচের সঙ্গে একটি ন্যাপকিনে মেসিকে দলে নেওয়ার চুক্তির প্রাথমিক সম্মতি লেখা হয়েছিল। ঘটনাটি পরে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়ে পরিণত হয়।

এরপর বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দেন মেসি। সেখান থেকে ধীরে ধীরে উঠে এসে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন তিনি।

বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি। ক্লাবটির হয়ে তার দীর্ঘ ও সফল ক্যারিয়ারে হোর্হে মেসির অবদান ছিল উল্লেখযোগ্য।

সূত্র: ফোর্বস, মার্কা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank