সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলভারেজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সিমিওনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের চলতি দলবদলের বাজারে ‘টক অব দ্য টেবিল’ আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পাড়ি জমাতে ইচ্ছুক এই তারকা ফুটবলার। তবে অ্যাথলেটিকোও তাদের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়তে নারাজ। এই টানাপোড়েন ও জল্পনা-কল্পনার মধ্যেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্লাবের কোচ দিয়েগো সিমিওনে।

সংবাদ সম্মেলনে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে সিমিওনে বলেন, ক্লাবের অবস্থান স্পষ্ট। প্রশাসনিক পর্যায়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি মিগেল অ্যাঞ্জেল ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন। তবে মাঠের দিক থেকে আলভারেজকে নিয়ে তার অবস্থানও পরিষ্কার।

সিমিওনে বলেন, হুলিয়ান আলভারেজের মতো একজন ফুটবলারকে দলে পাওয়া আতলেতিকোর জন্য আনন্দের বিষয়। তার উন্নতির জন্য ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আলভারেজকে ঘিরে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে সিমিওনে অতীতের একটি উদাহরণও টেনেছেন। অ্যাথলেটিকোর সাবেক তারকা অঁতোয়ান গ্রিজমানের প্রসঙ্গ তুলে তিনি মনে করিয়ে দেন, গ্রিজমানও একসময় ক্লাব ছেড়েছিলেন এবং পরে আবার ফিরে এসেছিলেন। ফিরে এসে মাঠের পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্য ও অবস্থান প্রতিষ্ঠা করতে হয়েছিল ফরাসি তারকাকে।

আলভারেজের ক্ষেত্রেও শেষ পর্যন্ত কী হয়, সেটিই এখন বড় প্রশ্ন। বার্সেলোনা তাকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে বলে আলোচনা থাকলেও আগ্রহী ক্লাবের তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও প্যারিস সেন্ট জার্মেইও। তবে অ্যাথলেটিকো তাদের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডকে ছাড়তে আগ্রহী নয়। ফলে সম্ভাব্য দলবদল নিয়ে দর-কষাকষি সহজ হওয়ার সম্ভাবনা কম।

সব মিলিয়ে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও সিমিওনে আপাতত বিষয়টি নিয়ে ধৈর্য ধরার বার্তাই দিয়েছেন। তার বিশ্বাস, সময়ের সঙ্গে পরিস্থিতি পরিষ্কার হবে এবং শেষ পর্যন্ত একটি সমাধানও বেরিয়ে আসবে।

সূত্র: মার্কা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank