রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গডের’ বল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

একটি বল, অথচ তার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকাপ ইতিহাসের দুটি অবিস্মরণীয় মুহূর্ত। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়াগো ম্যারাডোনার করা ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুই গোলেরই সাক্ষী ছিল যে বল, এবার সেটিই উঠছে নিলামে।

নিলামটি আয়োজন করছে যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনস। আগামী ২১ আগস্ট শুরু হবে নিলাম, আর ২৩ আগস্ট জানা যাবে সর্বোচ্চ দরদাতার নাম।

আয়োজকদের প্রত্যাশা, বলটির দাম ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৫ কোটি টাকা। তবে নিলামের প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার।

১৯৮৬ বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনাল শুধু আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ছিল না, ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি অধ্যায়ও হয়ে আছে। প্রথমার্ধের পর ম্যারাডোনা হাতের সাহায্যে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। গোলটি নিয়ে তীব্র বিতর্ক হলেও সেটিই পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত হয়।

এর কয়েক মিনিট পরই ম্যারাডোনা দেখান সম্পূর্ণ ভিন্ন এক জাদু। নিজের অর্ধের কাছাকাছি থেকে বল নিয়ে ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে পাশ কাটিয়ে গোল করেন তিনি। সেই অসাধারণ একক প্রচেষ্টা পরে ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়। দুই গোলেই ব্যবহৃত হয়েছিল একই বল।

প্রায় চার দশক পর বলটির অবস্থা অবশ্য আর আগের মতো নেই। দীর্ঘদিন সংরক্ষিত থাকার কারণে এর চামড়া ক্ষয়ে গেছে, বেরিয়ে গেছে ভেতরের বেশির ভাগ বাতাসও। ফলে মাঠে খেলার জন্য বলটি আর ব্যবহারযোগ্য নয়। কিন্তু ঐতিহাসিক গুরুত্বের কারণে সংগ্রাহকদের কাছে এর মূল্য বরং বেড়েছে।

হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলারের মতে, ফুটবল ইতিহাসে এমন স্মারক খুব বেশি নেই, যার সঙ্গে একই ম্যাচের দুটি কিংবদন্তি মুহূর্ত সরাসরি যুক্ত। তাই নিলামে বলটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হতে পারে বলে মনে করছেন তিনি।

ম্যারাডোনার স্মারক যে কতটা চড়া দামে বিক্রি হতে পারে, তার নজির অবশ্য আগেই পাওয়া গেছে। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ম্যারাডোনার পরা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছিল ৯৩ লাখ মার্কিন ডলারে। সাবেক ইংলিশ মিডফিল্ডার স্টিভ হজ দীর্ঘ ৩৬ বছর জার্সিটি নিজের সংগ্রহে রেখেছিলেন।

নিলামে ওঠা বলটিরও কম নয় সংগ্রহের ইতিহাস। ম্যাচের রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের বহু বছর বলটি নিজের কাছে রেখেছিলেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় প্রথমবার এটি নিলামে তোলা হয়। সে সময় ২৩ লাখ ৭০ হাজার ডলারে একজন অজ্ঞাতনামা ক্রেতা বলটি কিনে নেন। তখন সেটিই ছিল সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কোনো ফুটবল।

পরে অবশ্য সেই রেকর্ড আর টেকেনি। ২০২৪ সালে জাপানি বেসবল তারকা শোহেই ওহতানির ব্যবহৃত একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank