

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি সালমান শাহ এবং শাবনূর। পর্দায় তাদের অনবদ্য রসায়নের পাশাপাশি সালমান শাহর অকালমৃত্যুর পর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ঢালিউডে কম আলোচনা হয়নি।
একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শুরু থেকেই শাবনূর দাবি করে এসেছেন, তাদের সম্পর্ক ভালোবাসার হলেও তা ছিল ভাই-বোনের মতো।
সালমানের কোনো বোন না থাকায় তিনি শাবনূরকে আদর করে ‘পিচ্চি’ বলে ডাকতেন এবং তাদের মধ্যে পারিবারিক ঘনিষ্ঠতাও ছিল।
সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি নিয়ে পুনরায় কথা বলেন সালমানের মা নীলা চৌধুরী। তিনিও স্পষ্ট জানান, তার ছেলের সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না।
নীলা চৌধুরীর মতে, সালমানের কোনো বোন না থাকায় তিনি শাবনূরকে ছোট বোনের মতোই স্নেহ করতেন এবং সাহায্য করতে চাইতেন। তবে একই সঙ্গে নীলা চৌধুরী অভিযোগ করেন, শাবনূর নিজের পক্ষ থেকে এমন এক আবহ তৈরি করতেন যেন তাদের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে, যা পরবর্তীতে ভিত্তিহীন গুঞ্জনে রূপ নেয়।
সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে শাবনূর বরাবরই তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, সালমানকে তিনি সর্বদা ভাইয়ের মতোই সম্মান করতেন এবং কাজ করতে গিয়েই তাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব গড়ে উঠেছিল।
সালমানের মৃত্যুর পর কিছু স্বার্থান্বেষী মহল ও সাংবাদিক তাদের নিয়ে মুখরোচক গল্প বানিয়ে ব্যবসা করতে চেয়েছিল বলে অভিযোগ করেন তিনি। কষ্টার্জিত ক্যারিয়ারে এসব গুজব ছড়িয়ে কিছু লোক আনন্দ পাওয়ার চেষ্টা করেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে সালমান শাহর অভিষেক ঘটে, যেখানে তার নায়িকা ছিলেন মৌসুমী। পরবর্তীতে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাবনূরের সঙ্গে তার জুটি বাঁধা শুরু হয়।
মাত্র চার বছরের অভিনয়জীবনে সালমান মোট ২৭টি সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে ১৪টিতেই নায়িকা ছিলেন শাবনূর।
এই জুটির ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’র মতো ব্যবসা সফল সিনেমাগুলো আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে।