মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ইতালিতে ৩ বাংলাদেশি খুন

‘ছেলে মাটি ফেলেছিল যে কবরস্থানে, এবার সেখানেই দাফন’

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম
স্ত্রী আরজু আক্তার, মেয়ে আরোয়া ইসলাম আরিশা ও স্বামী কামাল উদ্দিন বাবুল
expand
স্ত্রী আরজু আক্তার, মেয়ে আরোয়া ইসলাম আরিশা ও স্বামী কামাল উদ্দিন বাবুল

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওরের একটি অ্যাপার্টমেন্টে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার নতুন বাড়ির সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) এবং পাঁচ বছর বয়সী মেয়ে সন্তান। এ ঘটনায় কামাল উদ্দিনের ২০ বছর বয়সী এক ছেলেও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কামাল উদ্দিন বাবুলের ভাতিজা আফনান হোসেন নাইম জানান, ইতালিতে থাকা তাদের আত্মীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, হত্যাকাণ্ডের সময় ওই অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার ও শোরগোল শুনে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

স্বজনরা জানান, কামাল উদ্দিন বাবুল দেশে এলে সবার সঙ্গে খুব মিশতেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় সম্পৃক্ততা ছিল। একই পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক ও নৃশংস মৃত্যুর খবরে পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে।

জানা গেছে, আগামী শুক্রবার (১৪ আগস্ট) দেশে পৌঁছানোর কথা রয়েছে। ওই দিন রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) ইতালির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রোমের ক্যাসালোত্তি এলাকার পিয়াজ্জা ওর্মেয়ায় নিহত তিনজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার তাদের মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছাবে। পরে মরদেহগুলো নোয়াখালীর কোম্পানীগঞ্জে নেওয়া হবে।

স্বজনেরা জানান, শুক্রবার রাতে চরকাঁকড়া ইউনিয়নে নিহতদের বাড়ির পাশের শিশু নিকেতন স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে স্বজনদের অভিযোগ, এর আগেও পরিবারটিকে হুমকি দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ২ জুলাই চরকাঁকড়া ইউনিয়নে তাদের বাড়ির সামনে ‘লাল বাহিনী’ নামে একটি কথিত ডাকাত দলের রেখে যাওয়া একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে টাকা ও স্বর্ণালংকার দাবি এবং দাবি পূরণ না করলে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল বলে স্বজনেরা জানান।

পরে নিহত বাবুলের বাবা সিরাজুল ইসলাম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছিলেন বলে জানা গেছে।

সিরাজুল ইসলাম বলেন, আমার ছেলে দেশে ছুটিতে এসে পারিবারিক কবরস্থানে মাটি ফেলেছিল। এখন স্ত্রী ও সন্তানসহ সেখানেই তাকে দাফন করা হবে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, বিষয়টি জানতে পেরেছি। নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হবে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন