বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকা অনুদান দিয়ে মাদ্রিদের দাবানল দুর্গতদের পাশে মেসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:২১ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

স্পেনের রাজধানী মাদ্রিদের বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য তিনি ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) অনুদান দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়ে মেসিকে ধন্যবাদ জানিয়েছেন মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো। তিনি লেখেন, ‘লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। এজন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

আয়ুসো আরও বলেন, মাদ্রিদের মানুষও মেসির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞ। সুযোগ হলে তারা তাকে প্রাপ্য সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মেসির এই সহায়তা এমন সময়ে এসেছে, যখন স্পেনের কর্তৃপক্ষ সিয়েরা ওয়েস্তে অঞ্চলে দাবানলের ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে এলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে।

বিশেষ করে সান হুয়ান জলাধারসংলগ্ন এলাকায় ছড়িয়ে থাকা আগুনের ছোট ছোট উৎস (হটস্পট) সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে কাজ করছেন দমকলকর্মী, বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল ও পরিবেশরক্ষী বাহিনীর সদস্যরা। এ কাজে ১৬টি স্থলভিত্তিক দমকল ইউনিট অংশ নিচ্ছে।

এদিকে নিরাপত্তাজনিত কারণে এখনো পেলায়োস দে লা প্রেসা এবং সান মার্তিন দে ভালদেইগলেসিয়াসের সাতটি আবাসিক এলাকায় বাসিন্দাদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন