

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা শিরোপা জিততে পারেনি। ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। তবে আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়ার কাছে বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত সেই ফাইনাল নয়; বরং ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের জয়।
দি মারিয়ার মতে, ইংল্যান্ডকে ২–১ গোলে হারানোই ছিল আর্জেন্টিনার মানুষের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। তার চোখে, ওই ম্যাচ জয়ের মধ্য দিয়েই বিশ্বকাপের মূল সাফল্য অর্জন করেছিল দল।
রোসারিও সেন্ট্রালের হয়ে ক্লাউসুরা টুর্নামেন্টের প্রথম ম্যাচে বেলগ্রানোর কাছে হারের পর টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, ইংল্যান্ডের বিপক্ষে জয় পুরো দেশের জন্য বিশেষ অনুভূতির ছিল। সমর্থকদের সেই আনন্দ তাকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও জানান তিনি।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার লক্ষ্য ছিল টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতা। দলটি শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিলেও পথটা ছিল কঠিন। নকআউট পর্বে কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াই করে জয় পেতে হয়েছে। আর ১৯ জুলাইয়ের ফাইনালে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি মেসির দল।
তবে পুরো টুর্নামেন্টে দলের মানসিকতা ও লড়াইয়ের প্রশংসা করেছেন দি মারিয়া। তার মতে, প্রতিটি ম্যাচে কঠিন পরিস্থিতির মধ্যেও আর্জেন্টিনা নিজেদের সামর্থ্য দেখিয়েছে।
দি মারিয়া বলেন, ফাইনাল জেতা বা হারার বিষয়টি ফুটবলের অংশ। এবার শিরোপা না এলেও দল আর্জেন্টিনার পতাকাকে সম্মানের সঙ্গে উঁচুতে ধরে রেখেছে।
২০২২ বিশ্বকাপ ফাইনালে গোল করা এই আর্জেন্টাইন উইঙ্গারের কাছে ইংল্যান্ডের বিপক্ষে জয় আরও বিশেষ কারণ বহন করে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেমিফাইনালের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ফকল্যান্ড ইস্যুতে ব্যানার প্রদর্শন করেন, যা নিয়ে ফিফা তদন্ত করছে।
দি মারিয়ার ভাষায়, ইংল্যান্ডকে হারানোর দিনই আর্জেন্টিনার মানুষ সবচেয়ে বড় আনন্দ পেয়েছিল। তার মতে, এই দল শুধু প্রশংসার নয়, আরও বড় স্বীকৃতির দাবিদার।
সাক্ষাৎকারে লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন দি মারিয়া। মেসির বিষয়ে তিনি বলেন, যত দিন মেসি নিজে খেলতে চান, তত দিন তার জাতীয় দলে থাকা উচিত। তার মতে, বয়স বাড়লেও মেসি এখনো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন।
স্কালোনির প্রসঙ্গে দি মারিয়া বলেন, তিনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কোচ। আর্জেন্টিনার সামনে প্রতিভাবান তরুণদের একটি নতুন প্রজন্ম রয়েছে এবং তিনি আশা করেন, স্কালোনি ভবিষ্যতেও দলকে নেতৃত্ব দিয়ে যাবেন।